
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইররে চুরির অভিযোগে গ্রামবাসিদের গনপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের ফুলবরের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরি হয়। রাজীব টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় আরও চার-পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করে। রাজিব ঘরে ঢোকে নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাহিরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করে।পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাড়ীর মালিক মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। হাকিম আলীর আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এঘটনায় গুরুত্বর আহত হন মোহাম্মদ হাকিম আলী।পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় এলাকাবাসি জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল বলে জানা যায়।
এঘটনায় সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ 









