
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওরে পাঁচ শতাধিক বস্তা সারসহ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে পড়ে গেছে।
এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার সার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঘিওর বাজার সংলগ্ন কুস্তা বন্দর পুরাতন গরুর হাট এলাকায় ইছামতি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটিতে প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা বিভিন্ন প্রকারের (টিএসপি, ডিএপি) সার বোঝাই করে ঘিওর বাজারে আসছিলো। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘিওরের ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী ওয়াজেদ আলী অভিযোগ করে জানান,নারায়ণগঞ্জ থেকে ঘিওর ফুলহারা বাজারের ডিলারদের জন্য সার নিয়ে ট্রাকটি ঘিওর বাজারের উদ্দেশে আসছিল। চালক মূল সড়ক ব্যবহার না করে ভুলবশত ইছামতি নদীর পারঘেসেএকটি ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে বাজারে প্রবেশের চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সরাসরি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনার জন্য চালকের খাম খেয়ালি আচরণকেই দায়ী করেন সার ব্যবসায়ী ওয়াজেদ আলী।
স্থানীয় আশিষ, আবুল হোসেন, জবেদ আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিওর কুস্তা বন্দর গরুহাট সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ থাকায় সাধারণত এ পথে বড় ধরনের কোন যানবাহন চলাচল করে না। সকালে হঠাৎ করে সারবোঝাই ট্রাকটি ওই রাস্তায় ঢুকতেই এমন দুর্ঘটনাটি ঘটেছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। সার ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নদীতে পড়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।এদিকে নদীর স্বল্প পানিতে সার মিশে যাওয়ায় পরিবেশ দূষণ, মাছের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন জানান, ট্রাক উদ্ধারের পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 









