
শেরপুরঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে ভর্তুকি মূল্যে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
জেলা প্রশাসক জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে পণ্য পৌঁছে দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। জেলায় সুশৃঙ্খলভাবে পণ্য বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
আগামী ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) মোট ১০ দিন জেলাজুড়ে টিসিবি’র এই ট্রাকসেল কার্যক্রম চলবে। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। প্যাকেজে থাকছে ১ কেজি চিনি, ২ কেজি ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সকাল থেকেই ট্রাকের সামনে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সাধারণ ক্রেতাদের সরকার নির্ধারিত সাশ্রয়ী মূল্যে এই নিত্যপণ্য সংগ্রহ করতে দেখা যায়।
শেরপুর প্রতিনিধি 









