
মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের শিবালয় থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনির হোসেন তার দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিবালয় উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন। থানার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তার আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক শান্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি ইতিবাচক ভূমিকা পালন করেছেন বলে এলাকাবাসীর অভিমত।
শিবালয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে মনির হোসেন দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমেও মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার বিদায়ে অনেকেই একজন জনবান্ধব কর্মকর্তাকে মিস করবেন বলে মন্তব্য করেছেন।
বদলি সূত্রে বিদায় নেওয়া এই কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করে শিবালয়বাসী বলেন, তার দায়িত্বকাল থানার সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে নতুন অফিসার ইনচার্জের কাছেও এমন জনসেবামূলক ও কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









