
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করার লক্ষ্যে চলছে সাত দিনব্যাপী ‘আফসানা করিম রাঁচি সাইকেল অ্যান্ড স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন’। গত ১১ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০ জনের বেশি নারী শিক্ষার্থীকে বিনা মূল্যে সাইকেল ও স্কুটি চালানো শেখানো হচ্ছে।
আয়োজকেরা জানান, জাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিদিন দুই শিফটে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সনদ বিতরণের মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শেষ হবে। এই কর্মসূচিতে ১০ জন পেশাদার ট্রেইনার এবং ৫ জন কো-অর্ডিনেটর ট্রেইনারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজনের বিষয়ে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, “সড়ক দুর্ঘটনায় রাঁচি মারা যাওয়ার পর থেকে ক্যাম্পাসের রাস্তায় নারীদের নিরাপত্তা এবং যানবাহনে ভোগান্তির পরিস্থিতি দূর করার জন্য আমাদের মাথায় একটি প্ল্যান আসে যে আমরা নারীর জন্য একটি সাইকেল এবং স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন আয়োজন করব। জাকসু নির্বাচনের পরে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে আমরা সাত দিনের একটি কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পেয়েছি, যেখানে ৫৫০ জনেরও বেশি নারী শিক্ষার্থীকে আমরা ফ্রিতে সাইকেল এবং স্কুটি চালানো শেখাচ্ছি। যারা সাইকেল ট্রেনিং করেনি তাদেরকে সাইকেল ট্রেনিং করিয়েছি এবং যারা সাইকেল চালাতে পারে তাদের স্কুটি ট্রেনিং করিয়েছি।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিম রাঁচি। তাঁর স্মৃতিকে ধারণ করেই নারীদের জন্য এই প্রশিক্ষণ ক্যাম্পেইনের নামকরণ করা হয়েছে। এর আগে তাঁর স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত সড়কটির নাম ‘আফসানা করিম রাঁচি স্মৃতি সড়ক’ রাখা হয়েছিল।
মোহাম্মদ আলী চিশতী আশা প্রকাশ করে বলেন, “আমি মনে করি এই ক্যাম্পেইনটির মাধ্যমে আমাদের নারী শিক্ষার্থীরা স্বাবলম্বীভাবে চলাফেরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে এটি তাদেরকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। আমাদের স্বেচ্ছাসেবী এবং ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ পরিশ্রমের কারণে আমরা প্রতি সেশনে প্রায় ৯০ শতাংশ সফল বলতে পারি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ 























