
ঢাকাঃ ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা সময় বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে অবরোধ করে বিক্ষোভ শুরু করছে তারা।
এ সময় মহাসড়কের উভয় লেনে প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হয়। মহাসড়কের চলাচলকারীর যাত্রী সাধারণ ও গাড়ির চালকরা জানান, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে মহাসড়ক খুলে দেওয়ায় দাবি করেন তারা।
মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষায় বসার জন্য অন্তত ৬ মাস সময় দেওয়া হয়। তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুইমাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা বলেন, দুই মাসের মধ্যে একটা বিসিএসের রিটেন পাস করা সম্ভব না। আমরা শুধু চাই যৌক্তিক ২-৩ মাস সময় বৃদ্ধি করা হোক। যেন সিলেবাস শেষ করে সবাই পরীক্ষা দিতে পারে।
তারা আরও বলেন, এটা সমাধান করার জন্য ৫ মিনিটের বেশি সময় লাগার কথা না। কমিশন যদি নিজেও চায় যে তারা এই সমস্যাটা সমাধান করবে, তাহলেও এটা ৫ মিনিটেই সমাধান হয়ে যাবে। তার উদাহরণ আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষার সময় সংশোধন করতে দেখেছি।
আরেক চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা বলেন, ২৭ তারিখ আমাদের রিটেন পরীক্ষা। আমাদের এখন পড়ার টেবিলে থাকার কথা। কিন্তু আমরা রাস্তায় আছি কারণ আমরা সমাধান পাচ্ছি না। আমরা চাই সরকারের ওপর মহল থেকে এই দাবিটা মেনে নেওয়া হোক। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই।
নিজস্ব প্রতিবেদকঃ 









