
গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (৩১) কে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি এ ঘটনায় আরিফের সহকর্মী আজাদ হাওলাদারকে ছুরিকাঘাত করে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
গুলিবিদ্ধ বিকাশের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। একই ঘটনায় তার সহকর্মী আজাদ হাওলাদার ছুরিকাঘাতে আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফ হোসেন ও আজাদ হাওলাদার টঙ্গীর টিএন্ডটি এলাকা থেকে বিকাশ এজেন্টের টাকা সংগ্রহ শেষে ডিস্ট্রিবিউশন (পরিবেশক) অফিসে যাওয়ার পথে আনারকলি রোড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা কতিপয় দুর্বৃত্ত তাদের পথরোধ
করে।
টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বাধা প্রদান করায় উপর্যুপরি আরিফ ও আজাদকে গুলি ও ছুরিকাঘাত করা হয়।
তাদের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আশঙ্কাজনক আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টারঃ 









