
ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিভিন্ন শ্রেনীর মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই দেখা যায়, জানাজার অংশ নিতে নিদিষ্ট সময়ের আগেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। অন্যদিকে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসছেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ (বুধবার) দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ডেস্ক নিউজ 














