
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের নয় দিন পর কামরুন নাহার ইতি (৩৬) নামে এক বিউটি পার্লার মালিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’-এর ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পার্লার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও বাড়ির মালিককে জানান। পরে পুলিশ এসে তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার কে আটক করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, ইতি গত ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে তার স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জানালে তিনি নির্বিকার ছিলেন।
স্বজনদের অভিযোগ, আনোয়ার হোসেন মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ পার্লারে লুকিয়ে রাখা হয়।
স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জঃ 









