
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম ব্যাচের ছাত্রী শারমিন জাহানের ক্ষতবিক্ষত লাশ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম ইসলামনগরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শারমিন লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। তার স্বামীর সাথে বাসা নিয়ে তিনি সেখানে থাকতেন বলেন জানা গেছে।
প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় আঘাতের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।প্রাথমিকভাবে জানা যায়, নিহতের স্বামী আজ দুপুর ২টার বাসায় ফিরে বাসার দরজা বাইরে থেকে বন্ধ পান। পরে বাসার ভেতরে প্রবেশ করে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।পরবর্তীতে স্বামী ও বাড়িওয়ালার সহযোগিতায় দ্রুত শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেকে মৃত ঘোষণা করেন।
এদিকে বাড়িওয়ালা বলেন নিহতর স্বামী তাদের দরজা ধাক্কাচ্ছিলেন সেই শব্দ পেয়ে আমি নিচে নেমে আসি। পরে ভিতরে ঢুকে দেখি মেয়েটি অচেতন হয়ে পড়ে আছে। তখন দ্রুত আমরা মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করি।
এদিকে, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্টরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে সাভার ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে এবং তারা ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছে।এদিকে পুলিশ জানায় নিহতের স্বামীকে পুলিশকে নেয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজের চিকিৎসক জানান, শারমিন জাহানকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে।তার মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ 














