
শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি শক্তিশালী ড্রেজার মেশিন ও পাম্পসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা যায়, সীমান্তবর্তী এলাকা শ্রীবরদীর সোমেশ্বরী নদীর হালুয়া হাটি পয়েন্টে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদীগর্ভে ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাউকে পাওয়া না গেলেও, নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন, পাম্প এবং আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, “উপজেলার কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে।”
অভিযানকালে রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ স্থানীয় ইউপি সদস্য, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধিঃ 









