
গাজীপুরঃ কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ‘মাতবর বাড়ির’ সীমানায় প্রায় ১৫ বছরের পুরনো সুপারি গাছ কেটে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সিরাজ মাতবর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সফিজ মাতবরের অনুপস্থিতির সুযোগ নিয়ে তার মালিকানাধীন গাছ কেটে এই দখল কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সফিজ মাতবরের বাগান বাড়ির পশ্চিম সীমানায় প্রায় ১৫ বছর আগে লাগানো সুপারি গাছগুলো তিনি পরম যত্নে বড় করেছিলেন। বর্তমানে সফিজ মাতবর অসুস্থ থাকায় তিনি বাড়িতে নেই। এই সুযোগে সিরাজ মাতবর কোনো প্রকার অনুমতি ছাড়াই সীমানার গাছগুলো কেটে ফেলেন এবং সেখানে ঘর নির্মাণ শুরু করেন।
ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী জানান, সফিজ মাতবরের কর্মচারীরা যখন গাছ কাটার প্রতিবাদ করেন এবং মালিকের সাথে আলোচনা করে কাজ করার অনুরোধ জানান, তখন সিরাজ মাতবর তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে তিনি হাতে থাকা দা নিয়ে কর্মচারীদের আঘাত করতে উদ্যত হন। নিরুপায় হয়ে কর্মচারীরা ঘটনাস্থল থেকে সরে যান এবং সফিজ মাতবরের পরিবারের পরামর্শে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে কাশিমপুর থানা পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে। থানা থেকে প্রতিনিধি হিসেবে উপ-পরিদর্শক (এসআই) লিটন হোসেন সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি গাছ কাটার বিষয়টি ও সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে আসেন।
তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা করছেন সিরাজ মাতবর। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এভাবে গাছ নিধন ও অন্যের জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা বন্ধ হওয়া জরুরি।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা আইন মান্য করি এবং অন্যদেরও আইন মানার আহ্বান জানাই। এভাবে গাছ কেটে এবং হুমকি-ধমকি দিয়ে দখলবাজি বন্ধ হোক, এটাই আমাদের প্রত্যাশা।”
নিজস্ব প্রতিবেদকঃ 









