
মোঃ চঞ্চল মাহমুদ খানঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (১৮ মে ২০২৬) উপজেলার একটি বাড়ির গুদামঘর থেকে প্রায় ১১০০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলার মৎস্য অফিসার জনাব মুহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মনীষা রানী কর্মকার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী, কোস্ট গার্ড ও শিবালয় থানা পুলিশ সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ চায়না দুয়ারী জাল মজুদ করে নদীতে ব্যবহার ও বাজারজাত করার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী জাল নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, যা দেশের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগীর তৎপরতা ও আন্তরিক ভূমিকার কারণে স্থানীয়ভাবে মৎস্য সম্পদ রক্ষায় ইতোমধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 









