
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের হরিরামপুরে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। একশ্রেনীর মানুষ আছে তারা সার নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
কিন্তু বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই। তত্ত্বাবধায়ক সরকারের সময়ের তুলনায় তার ও বেশি পরিমাণ সার আমাদের বর্তমানে মজুদ রয়েছে। যারা দেশে সার নেই বলে অপপ্রচার চালাচ্ছে তাদের এ বক্তব্য সত্য নয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে তিনটি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন শেষে স্থানীয় গোপাল মাস্টারের বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম চান এর সভাপতিত্বে বিদ্যুৎ নিয়ে এমপি মঈনুল ইসলাম খান শান্ত বলেন,বর্তমানে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। তবে এটা সাময়িক। অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংসদ সদস্য আরো বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল আসতে না পারায় জ্বালানি সরবরাহে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট বেশিদিন থাকবে না। এর প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব পড়েছে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এ সংকটেরও সমাধান হবে।
উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে এমপি শান্ত বলেন, প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। আমাদের এলাকার উন্নয়নেও সবাইকে সম্পৃক্ত থাকতে হবে। জনগণের স্বার্থে উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়নে সম্মিলিত ভাবে কাজ করারর আহবান জানান তিনি।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গুপ্ত রাজনীতি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে প্রধান অতিথি মঈনুল ইসলাম খান শান্ত এমপি গোপিনাথপুর উত্তর পাড়া হতে পদ্মা নদীর পাড় পর্যন্ত সড়ক পাকাকরনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর উপজেলার তিনটি ইউনিয়নে তিনটি সড়কের পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হবে।
এসময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা আক্তার,ইঞ্জিনিয়ার শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহমেদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 













