
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষাজীবনকে সহজ ও সুন্দর করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি গতকাল সাকালে “শিশুর হাসি’ শিক্ষার অগ্রযাত্রা’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১ নং বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র,ছাত্রীদের মাঝে স্কুল পোশাক, স্কুল ব্যাগ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে খাদ্যমন্ত্রী আরো বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আফরোজা খানম রিতা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সারওয়ার আলম পুলিশ সুপার ডিপি এম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।
বক্তব্য শেষে খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক, ব্যাগ বিতরন করেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। নতুন পোশাক,ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 

























