
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে অভিনব কায়দায় সৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে পুরোনো খবরের কাগজ ঢুকিয়ে বিক্রির সময় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
আটকরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)।এসময় পালিয়ে গেছে প্রতারক চক্রের চক্রের অপর এক সদস্য।
রোববার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি জুলুস খান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি।
বিছানার চাদর, বালিশের কভার ও মশারি বিক্রির কথা বলে তিনি ইমামের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে দাবি করে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযোগিতা চান। পরে তিনি ইমামের মোবাইল নম্বর নিয়ে চলে যান।
সেদিন রাতে জাহাঙ্গীর মোবাইল ফোনে ইমামের সঙ্গে যোগাযোগ করে অপর এক ব্যক্তির সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি নিজেকে অশিক্ষিত পরিচয় দিয়ে তার কাছে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে দাবি করেন। এই রিয়াল ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে দেওয়ার জন্য ইমামের সহযোগিতা চান তিনি।
পরদিন সকালে তাদের কথামতো ইমাম ইসমাইল হোসাইন শামীম মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে গেলে জাহাঙ্গীরসহ তিনজনের সঙ্গে তার দেখা হয়। তাদের একজনের হাতে থাকা বাজারের ব্যাগে ১৪ বান্ডিল সৌদি রিয়াল রয়েছে বলে জানানো হয়।
ব্যাংকের মাধ্যমে রিয়াল ভাঙাতে সময় লাগবে জানিয়ে প্রতারকরা নগদ এক লাখ টাকার বিনিময়ে রিয়ালগুলো বিক্রির প্রস্তাব দেয়। এতে অনেক লাভ হবে বলেও ইমামকে প্রলোভন দেখানো হয়।
একপর্যায়ে টাকা নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে বান্ডিলগুলো পরীক্ষা করে ইমামের সন্দেহ হয়। পরে তিনি দেখতে পান, অধিকাংশ বান্ডিলই পুরোনো খবরের কাগজ দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা। প্রতারণার ফাঁদকে বিশ্বাসযোগ্য করতে বান্ডিলের মধ্যে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট রাখা হয়েছিল।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় জাহাঙ্গীর শেখ পালিয়ে যান।
পুলিশ জানায়, এনামুল শেখের কাছ থেকে একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো খবরের কাগজের তৈরি বান্ডিল এবং ৫০ রিয়ালের তিনটি সৌদি নোট পাওয়া যায়।
এ ঘটনায় ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানায় প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা হয়েছে। পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুলুস খান পাঠান জানান, পলাতক জাহাঙ্গীর শেখসহ প্রতারণা চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 

















