
চঞ্চল মাহমুদ খানঃ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ ও বেদনার মিশ্র চিত্র লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল লাভ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আবার অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল না পেয়ে হতাশ হয়েছে। কেউ কেউ উচ্চ নম্বর অর্জন করেও আরও ভালো ফলের আশায় চোখের জল ফেলেছে। অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের অনেককে নীরবে বাড়ি ফিরতে দেখা গেছে।
ফলাফল প্রকাশের এ সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে আসে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সামনের সারিতে বসা শিক্ষার্থীদের কথা প্রায়ই আলোচনায় আসে, কিন্তু পেছনের সারিতে বসা শিক্ষার্থীদের কথা খুব কমই উচ্চারিত হয়। অনেক ক্ষেত্রে শিক্ষকগণের অধিক মনোযোগ থাকে মেধাবী ও ভালো ফল করা শিক্ষার্থীদের প্রতি। ফলে যেসব শিক্ষার্থী দুর্বল, অমনোযোগী কিংবা বিভিন্ন কারণে পিছিয়ে পড়ে, তারা ধীরে ধীরে আরও পিছিয়ে যায়।
এক সময় শিক্ষকগণ শ্রেণিকক্ষের প্রতিটি শিক্ষার্থীর খোঁজখবর রাখতেন। কোনো শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল হলে তাকে আলাদাভাবে ডেকে বুঝিয়ে দিতেন, উৎসাহ দিতেন এবং তার উন্নতির জন্য চেষ্টা করতেন। সেই আন্তরিক সম্পর্কের কারণে অনেক সাধারণ শিক্ষার্থীও জীবনে প্রতিষ্ঠা লাভের সুযোগ পেয়েছে। বর্তমান সময়ে সেই চর্চা আগের তুলনায় কমে এসেছে বলে অনেকেই মনে করেন।
শিক্ষার্থীদের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ ও ভদ্র আচরণ এক সময় শিক্ষার অবিচ্ছেদ্য অংশ ছিল। এখন অনেক স্থানে সেই মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে কিছু শিক্ষার্থী অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়, অনলাইন জুয়ার প্রলোভন, মাদকাসক্তি এবং বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড তরুণ সমাজের একটি অংশকে বিপথে নিয়ে যাচ্ছে।
একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। সেখানে কেবল প্রথম সারির শিক্ষার্থীদের নয়, শেষ সারির শিক্ষার্থীদের প্রতিও সমান গুরুত্ব প্রয়োজন। যে শিক্ষার্থী আজ দুর্বল, আগামী দিনে সঠিক দিকনির্দেশনা পেলে সেও দেশের একজন সৎ নাগরিক, দক্ষ কর্মী কিংবা সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তি হতে পারে।
পরীক্ষার ফলাফল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও মানুষের জীবনের শেষ অধ্যায় নয়। প্রয়োজন অধ্যবসায়, নৈতিক শিক্ষা, পরিশ্রম এবং সঠিক পথনির্দেশনা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা এবং মানবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হলে সমাজ আরও আলোকিত হবে।
চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার 
























