
ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সাভার পৌরসভা ৮ নং ওয়াড রাজাসন ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ নজরুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যা করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা তাদের পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।”
মোঃ নজরুল ইসলাম বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ রেখে যেতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সাভারের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
রাউফুর রহমান পরাগ 

















