
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সফল সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করা এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয়ে ২০ দিনব্যাপী হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেধা তালিকায় ১ম স্থান অর্জন করায় শিক্ষার্থী মোছা. আফসানা আক্তারের হাতে একটি ল্যাপটপ তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কাজের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আমাদের তরুণদের দক্ষ করে তুলতে পারলে তারা কেবল দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এ ধরনের প্রশিক্ষণ বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত করতে এই ‘Climate Resilient Campus Initiative’ উদ্যোগটি নারায়ণগঞ্জ সদরে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 



















