
ঢাকা: সরকারি নির্দেশনায় সারা দেশের ন্যায়,ঢাকা জেলার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে চলছে ফগার মেশিন দিয়ে মশক নিধন ও ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনে সাভারের পাথালিয়া ইউনিয়নে বিশেষ কার্যক্রম শুরু করেছে ইউনিয়ন পরিষদ।
পাথালিয়ার বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধনে ফগিং করার পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ কার্যক্রমে সরাসরি তদারকি করছেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক।
এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফগিং করার পাশাপাশি যেখানে-সেখানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হচ্ছে বলে জানান পাথালিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম।
স্থানীয়দের মতে, নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বাড়ির আঙিনা ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক, ও স্থানীয় জন প্রতিনিধি ও সংশ্লিষ্টদের।
স্টাফ রিপোর্টার 














