
লালমনিরহাটঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার এপিএস নিশ্চিত করেন যে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির খবরে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা কর্মজীবনে ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত। তবে তার মূল পরিচিতি গড়ে উঠেছে রাজপথের সৈনিক হিসেবে।
আসাদুল হাবিব দুলুর সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরছেন আরও বড় পরিসরে, দায়িত্ব পাচ্ছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর।
লালমনিরহাট-৩ আসনটি দুলুর রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। বিগত দিনে রাজনৈতিক বৈরী পরিবেশ, অসংখ্য মামলা এবং কারাভোগের মধ্য দিয়ে যেতে হলেও তিনি তার সাংগঠনিক দক্ষতা দিয়ে তৃণমূলে দলের অবস্থান সুদৃঢ় রেখেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রংপুর বিভাগে দলকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৬ সালের এই নির্বাচনেও তিনি তার সেই জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 















