
লালমনিরহাটঃ বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আসাদুল হাবিব দুলুর সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন আরও বড় পরিসরে, পূর্ণ মন্ত্রী হিসেবে।
আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাটে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এ নেতা কর্মজীবনে ছিলেন একজন শিক্ষাবিদ। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত।
বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 















