
ঢাকাঃ বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছেরকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
চার দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ৫ এপ্রিল প্রথম দফায় তিন দিন এবং ৮ এপ্রিল দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের সময় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মকবুল হোসেন নামে এক কর্মীর মৃত্যু হয়।
ঘটনার পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আব্দুর রহমান 
















