
গাজীপুরঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর এলাকায় এক ব্যবসায়ীর পথরোধ করে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৩শ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে একটি সিএনজিসহ আটক করা হয়েছে। তবে লুণ্ঠিত অর্থ নিয়ে আরও দুই ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
ভুক্তভোগী ইমাম হাসান (৫০) আশুলিয়ার শ্রীপুর বৃহত্তর পাইকারী কাপড়ের মার্কেটের মালিক। তিনি জানান, গত ১২ মে রাত অনুমান ৯টা ৩০ মিনিটের সময় জিরানী বাজার থেকে ইজিবাইক যোগে শ্রীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানাধীন মোজারমিল এলাকার মায়ানগর নামক স্থানে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশা তাঁর ইজিবাইকের গতিরোধ করে।
অভিযোগে জানা যায়, সিএনজি থেকে চারজন যুবক নেমে ইমাম হাসানকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন পিস্তল সদৃশ্য অস্ত্র উঁচিয়ে তাঁকে খুনের হুমকি দেয় এবং মারধর করতে থাকে। একপর্যায়ে তাঁর প্যান্টের পকেট থেকে ব্যবসার নগদ ২ লাখ ৩শ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।
ছিনতাই শেষে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। জনতা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে। আটককৃতরা হলো—মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং মো. মিন্টু মিয়া (৪৫)। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি (গাজীপুর-থ-১২-২৮৮১) জব্দ করা হয়।
তবে ঘটনার সাথে জড়িত অপর দুই সহযোগী রাশেদ পান্নু ও বাবুল ছিনতাইকৃত অর্থ নিয়ে কৌশলে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের হেফাজতে নেয় এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। এই ঘটনায় কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মুজাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
















