
গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজে একাধিকবার অভিযান চালানোর পরেও পুনরায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) কাশিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই গেস্ট হাউজটিকে ঘিরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এর আগেও একাধিকবার এখানে অভিযান হয়েছে এর মধ্যে গত ৩০ মার্চ ২০২৬ তারিখে একই প্রতিষ্ঠানে কাশিমপুর থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪২ জনকে আটক করা হয়েছিল। ওই ঘটনার পর গেস্ট হাউজটি সাময়িকভাবে বন্ধ থাকলেও কিছুদিন পর পুনরায় কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়তে থাকে।
এলাকাবাসীর অভিযোগ, বারবার পুলিশের অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করায় একই ধরনের কর্মকাণ্ড পুনরায় শুরু হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের নজরদারি ও আইনি পদক্ষেপ আরও কঠোর হলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “একবার নয়, একাধিকবার অভিযান হচ্ছে। মানুষ আটক হচ্ছে, কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে— কেন এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করা যাচ্ছে না?”
আরেক বাসিন্দা বলেন, “এ ধরনের প্রতিষ্ঠানের কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুব সমাজের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক।”
স্থানীয় সচেতন মহলের মতে, শুধুমাত্র অভিযান পরিচালনা নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স, পরিচালনা পদ্ধতি এবং মালিকপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি। অন্যথায় বারবার একই অভিযোগ সামনে আসতে পারে।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্থানীয়দের প্রত্যাশা, শুধুমাত্র সাময়িক অভিযান নয়, বরং দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিতর্কিত এসব কার্যক্রম বন্ধ করে এলাকার স্বাভাবিক সামাজিক পরিবেশ নিশ্চিত করা হবে।
মোঃ মুজাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার 
















