
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর ঝোপের পাশ থেকে মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিনের বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এর কিছু সময় পর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাননি।
রোববার (২১ জুন) বিকেলে স্থানীয়রা চন্দননগর এলাকার একটি ঝোপে মরদেহ ও একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে তার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ওসি জানান।
আব্বাসী, স্টাফ রিপোর্টার 

















