
জাবিঃ বিএনপি সরকারের ছয় মাস পূর্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং এডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে করে শেরে বাংলা এ কে ফজলুল হক হলের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব’, ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ সহ নানা স্লোগান দেন।
সমাবেশে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন হাবীব হিরণ বলেন, “আপনারা জানেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার সফলভাবে ১৮০ দিন পার করেছে, যাতে শিক্ষার্থীসহ দেশের সব মানুষ খুশি। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা পালন করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনীত করায় দলমত নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত।”
বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “রিজভি ভাই ছাত্রদলের তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা, যিনি রাকসুর ভিপি ছিলেন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। সেই রুহুল কবির রিজভী আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। ছাত্রদল থেকে উঠে আসা একজন নেতাকে এই পদে নির্বাচিত করায় জাবি শিক্ষার্থীসহ আমরা সারা দেশের মানুষ আনন্দিত।”
নেতা-কর্মীদের ত্যাগের মূল্যায়নের বিষয়ে আশা প্রকাশ করে হুমায়ূন হাবীব হিরণ আরও বলেন, “রিজভী ভাই শেখ হাসিনার জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে যে ভূমিকা রেখেছেন, তার সঠিক মূল্যায়ন করেছেন আমাদের রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আশাবাদী, বিগত বছরগুলোতে শেখ হাসিনার হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে ছাত্রদলের যেসকল কর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন এবং স্বৈরাচার হটিয়েছেন, প্রধানমন্ত্রী তাদেরও এভাবেই যথাযথ মূল্যায়ন করবেন।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : 
























