
মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সংবর্ধনা পর্বে মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান,শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদার, জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস,শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব,গোলাম কিবরিয়া এবং মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলী।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মাগুরা জেলা প্রতিনিধি 












