
মাগুরাঃ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা আদায় মাগুরার মহম্মদপুর উপজেলায় ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) এ পরিচালিত অভিযানে প্রতিটি ইটভাটা প্রতিষ্ঠানে পৃথক ভাবে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স সীমান্ত ব্রিকস,মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান চালানো হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মাগুরা জেলা প্রতিনিধি 
















