
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রম বন্ধ করতে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে নিরাপদ পাত্রে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে বাজার মনিটরিংবিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ.বি.এম. সামছুন্নবী তুলিপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সচিব ও ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ.এইচ.এম. সফিকুজ্জামান।
সভায় বক্তারা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অনিরাপদ ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রির ফলে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং এ বিষয়ে বাজারে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন বক্তারা।
বক্তারা বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পাত্র নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। পর্যায়ক্রমে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহযোগিতায়
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), মানিকগঞ্জ জেলা শাখা সভাটির আয়োজন করে। এতে
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, ডিবির ওসি মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা, হার্ট ফাউন্ডেশনের প্রোগ্ৰাম কনসান্টেন্ট মোশতাক হাসান মোঃ ইফতেখার,প্রোগ্ৰাম ম্যানেজার ডাঃ আলিভা হক,ক্যাবের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান, ক্যাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 



















