
গাজীপুরঃ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ মো. রাসেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন, ২০২৬) রাতে কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকার রওশন মার্কেটের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুন রাতে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, নয়াপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে রাসেল পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান পকেট থেকে সাদা জিপারে রাখা ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রোববার (১৫ জুন) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কাশিমপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে পরবর্তী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোঃ মুজাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার 



















