
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন ।
রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৪৩ নম্বরের সেলফি পরিবহনের বাসটি ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়।
এ ঘটনায় অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কার্যক্রম চালায়।
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 












