
মানিকগঞ্জঃ আসন্ন দুর্গাপূজায় এবার মানিকগঞ্জ জেলায় ৫৫৪টি মন্ডপে পুজা উদযাপিত হবে। এদের মধ্য মানিকগঞ্জ সদর উপজেলায় ৮৬টি, শিবালয় উপজেলায় ৮৭টি, ঘিওর উপজেলায় ৮১টি, সাটুরিয়া উপজেলায় ৭৯টি, হরিরামপুর উপজেলায় ৬৫টি, সিংগাইর উপজেলায় ৬৩টি, দৌলতপুর উপজেলায় ৪৬টি, মানিকগঞ্জ পৌরসভায় ৩৪টি এবং সিংগাইর পৌর সভায় ১৩টি মন্ডপ তৈরি করা হবে।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অনুষ্টিত মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
তিনি বলেন,সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা উদযাপনের সকল কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মানিকগঞ্জ পৌর এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকা নির্ধারণ করা হয়। বিশেষ করে পোড়রা এলাকা ও রিজার্ভ ট্যাংক এলাকার পুকুরে যাতে প্রতিমা বিসর্জন করা না হয় সেই নির্দেশনা দেওয়া হয়। পুজা উপলক্ষে বরাদ্দকৃত সরকারি সহযোগিতা সরাসরি মন্ডপ প্রতিনিধিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সুষ্ঠুভাবে পুজা উদযাপন করতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের বিশেষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন সাকিফ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পন্ডিত ভজন, হিন্দু কল্যাণ ফ্রন্টের সদস্য-সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীপদ ঘোষ, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন।
এবি আব্বাসী,স্টাফ রিপোর্টারঃ 



















