
মাগুরাঃ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি,ভাউচার না দেওয়া, বিক্রয় রেজিস্টারে তথ্য সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার, কীটনাশক, বীজ, মুদিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে পূর্বে সতর্ক করা হলেও সেখানে বিভিন্ন ধরনের সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকা মূল্যের এক বস্তা ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ প্রতি বস্তায় ৪০০ টাকা বেশি নেওয়া হয়েছে। এ ছাড়া বেশি দামে সার বিক্রির পরও ক্রেতাকে কোনো ভাউচার দেওয়া হয়নি এবং বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি।
এ সময় প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশকও পাওয়া যায়। পাশাপাশি বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।
পূর্বে সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম পুনরায় করায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয় এবং আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কৃষি বিপণন অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাগুরা জেলা প্রতিনিধি 

















