
মানিকগঞ্জঃ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল দুর্গাপূজা। “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এটা হাজার বছরের ঐতিহ্য।
সোমবার বিকেলে সিংগাইর উপজেলার আঙ্গারিয়া এলাকায় শ্রীমতি গীতা রায়ের বাড়ীতে দূর্গোৎসবে আয়োজিত উপজেলার ৮৪টি পূজা মণ্ডপে সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মঈনুল ইসলাম খান বলেন, শারদীয় দুর্গোৎসবে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। আর এই পূজার সময় আমাদের এসে বলতে হবে আপনাদের পূজায় আমরা থাকবো, আমি এমন বিশ্বাসে বিশ্বাসী না। আপনারা এই দেশের নাগরিক। আপনাদের সম অধিকার থাকবে। আমার যেমন অধিকার আছে আপনাদেরও একই অধিকার থাকবে। তিনি আয়োজকদের এমন উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানের আয়োজক লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশের চেয়ারম্যান অনিরুদ্ধ রায় বলেন, দেবীর পুজার আগে আপনাদের যার যার মায়ের সেবা করতে হবে।
তিনি বলেন, মা হলো জন্মধাত্রী গর্ভধারিণী। তাকে যেন আমরা ঠিকমত শ্রদ্ধা করতে পারি, তার সেবা করতে পারি। জীবনের সবচেয়ে পড়ন্ত সময়ে যে উঠে দাঁড়ায়, সে হলো মা। তাই আগে নিজের মায়ের সেবা করতে হবে, তারপরে দেবীর সেবা। তিনি দেবীর পুজার আগে যার যার মায়ের সেবা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি আরো জানান,সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গোৎসব। উৎসবটি যাতে আনন্দমুখর ও সুষ্ঠু শান্তিপূর্ন পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই তিনি এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা ও ব্যক্ত করেন তিনি।
শেষে উপজেলার ৮৪টি পূজা মণ্ডপের প্রতিটি মণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে মোট ১৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। তিনি তার ব্যক্তি গত তহবিল থেকে এ আর্থিক সহযোগিতা প্রদান করেন বলে জানান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহার।
এসময় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 


















