
ঢাকাঃ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে ঢাকার সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু। তিনি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন রানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
বিতরণ করা কম্পিউটার সামগ্রীর মধ্যে রয়েছে, গকুলনগর বিদ্যালয়ে ৬টি ডেস্কটপ কম্পিউটার, ৬টি মনিটর ও ১টি প্রিন্টার। নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে দেওয়া হয়েছে ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৪টি মনিটর ও ১টি প্রিন্টার।
এ ছাড়া এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ৪টি ডেস্কটপ কম্পিউটার, ৪টি মনিটর ও ১টি প্রিন্টার প্রদান করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 



















