
মানিকগঞ্জঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি বলেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও মূল্যবোধ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল ও সনদ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশ প্রেমবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে।
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।
গতকাল (শুক্রবার) সকালে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; তোমাদের সৎ, দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা যেন কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা যেন মানুষের চিন্তাশক্তি, বিবেক ও দায়িত্ববোধকে সমৃদ্ধ করে।”
তিনি আরও বলেন, “আধুনিক বিশ্বে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত মানসিকতাও গড়ে তুলতে হবে।”
নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খাইরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী রহমত আরা লস্করা পরিচালিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস ও যুগ্ম সম্পাদক রিপন আনসারী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া।
মুন্নু কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। এসময় শিক্ষক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে নিত্য, গান, ফ্যাশন শো অনুষ্টিত হয়।
আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার ।। 





















