
ঢাকাঃ ইডেন কলেজের এক ছাত্রীর দায়ের করা শ্লীলতাহানির মামলায় জামিন পেয়েছেন তরুণ সংগীতশিল্পী আবু জাহিদ, যিনি জাহিদ অন্তু নামেই পরিচিত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিনের আবেদন করলে, বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত অন্তুকে জামিন দেন। এ সময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, গত বুধবার রাতে ওই ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এবং একই দিনে জামিন শুনানির দিন ধার্য করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার শেখাকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের অবসান ঘটে।
অভিযোগ অনুযায়ী, একটি পণ্যের ফটোশুটের কথা বলে গত ২৭ মার্চ সন্ধ্যায় জাহিদ ওই ছাত্রীকে তার গুলশানের বাসায় ডাকেন। সেখানে গিয়ে তিনি যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। বাধা দিলে তাকে মারধর করা হয়, যার ফলে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।
পরবর্তীতে তিনি সেখান থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আব্দুর রহমান 


















