
ঢকাঃ কোটাবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এদিন কারাগার থেকে মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মাহবুব আলীর সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো জরুরি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
এছাড়া, মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তী সময়ে পুলিশ রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আদালতকে অবহিত করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেফতার করা হয়। সে সময় থেকে তিনি কারাগারেই রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে তার দুই হাঁটুতে গুলি লাগে। পরে একই বছরের ২২ অক্টোবর আদহামের ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
আব্দুর রহমান 


















