
ঢাকাঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে নগদ টাকাও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়।
সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এঘটনায় আশুলিয়া থানা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা সহ মালামাল লুটে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে সকালে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে।
পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, গতকাল রাত আড়াইটার দিকে এখানে একটি ডাকাতির ঘটনা ঘটেছে মর্মে আমরা জানতে পারি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করছি ঘটনাটি যেন উদঘাটিত হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 



















