
লালমনিরহাটঃ মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের কালীগঞ্জে নিজ এলাকাকে মাদকমুক্ত করতে এবং মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ ।
সে উপজেলার ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের দক্ষিণ ঘনেশ্যম ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
তিনি প্রশাসনের অভিযানের অপেক্ষায় বসে না থেকে, নিজের ওয়ার্ড কে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে গ্রাম পুলিশ কে সাথে নিয়ে নিজেই মাঠে নেমেছেন টহলে। তার এই সাহসী পদক্ষেপ এলাকায় যেমন বৃদ্ধি করেছে সচেতনতা, তেমনি মাদক কারবারিদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
তিনি বিভিন্ন কাজে ব্যস্ত খাকার পরও গতকাল সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দক্ষিণ ঘনেশ্যম গ্রামের আনাচে-কানাচে, বিশেষ করে যেখানে মাদক সেবীদের আড্ডা বসে, সেখানে টহল দিয়েছেন। কোনো লাঠি বা অস্ত্র নয়, বরং নৈতিক সাহস আর এলাকাবাসীর সমর্থনকে পুঁজি করে তিনি এ অভিযানে নেমেছেন।
স্থানীয়রা জানান, তার এই অভিযানের ফলে এলাকায় মাদক কেনাবেচা এবং বখাটেদের দৌরাত্ম্য আগের চেয়ে অনেকটা কমে আসবে । এ অভিযানের মাধ্যমে মাদক সেবনকারী ও কারবারিদের সুস্থ জীবনে ফেরার আহ্বান জানাচ্ছেন ইউপি সদস্য পলাশ । তার এমন কাজে এলাকার তরুণ ও সাধারণ মানুষ কে অংশগ্রহণ করার আহবান জানান সচেতন মহল।
এ বিষয়ে ইউপি সদস্য রাকিবুল ইসলাম পলাশ বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়। শুধু প্রশাসনের ওপর দায় চাপিয়ে হাত গুটিয়ে বসে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমি আমার এলাকাকে নিরাপদ রাখতে চাই, তাই একজন সেবক হিসেবে আমি নিজেই মাঠে নেমেছি। যতক্ষণ আমার ওয়ার্ড থেকে মাদক নির্মূল না হবে, ততক্ষণ আমার এই অভিযান চলবে।
সহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি রংপুরঃ 


















