
শেরপুরঃ “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে র্যালি-পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ, বি, এম মামুনুর রশিদ।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতামত ব্যক্ত করেন। একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র, পুরস্কার ও পরিবেশবান্ধব ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা পুরস্কার প্রদান করা হয়।
শেরপুর প্রতিনিধিঃ 


















