
ঢাকাঃ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) মহাপরিচালক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ-কে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাফিল উদ্দিন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিকে আদালতে হাজির করা হয়। এর একদিন আগে, বুধবার (২৬ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এবং নজরুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার ভিকটিম দেলোয়ার হোসেন (৪০) গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকশ’ নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, শেখ মামুন খালেদের নির্দেশে বিভিন্ন দিক থেকে এলোপাতাড়ি গুলি চালানো হলে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।
আব্দুর রহমান 
























