
ঢাকাঃ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ-এর মুক্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। তার অসুস্থতা ও পরিবারের চরম আর্থিক সংকটের কথা তুলে ধরে বুধবার বড় মেয়ে মেহেত মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে একটি আবেদন পাঠান।
চিঠিতে বলা হয়, দীর্ঘ আইনি লড়াইয়ে পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং চিকিৎসা ব্যয় বহন করাও কঠিন হয়ে উঠেছে। শওকত মাহমুদ মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং গুরুতর অসুস্থ অবস্থায় কারাবন্দি রয়েছেন। মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। চিঠির একটি কপি প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে।
এর আগে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ সংক্রান্ত একটি মামলায় গত ৭ ডিসেম্বর শওকত মাহমুদ গ্রেপ্তার হন। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে ১৬ মার্চ ডিবি পুলিশ নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩০ মার্চ ঢাকার একটি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আবেদনে মেহেত মামুন উল্লেখ করেন, তার পিতা আজীবন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংবাদিক সমাজকে সংগঠিত করেছেন। আওয়ামী লীগ আমলে আপস না করায় তিনি বহু মামলার শিকার হন এবং দীর্ঘ সময় কারাবাস করেন বলেও চিঠিতে দাবি করা হয়।
চিঠিতে আরও বলা হয়, শওকত মাহমুদ হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে পরিবার।
আব্দুর রহমান 
























