
বিনোদনঃ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আদালতের নির্ধারিত আপসের শর্ত ভঙ্গ করায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল আদালতের শর্ত মানেননি। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।
অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল।
এ মামলায় নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানার বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ রয়েছে। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআই অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়।
আব্দুর রহমান 























