
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে রাতে হলে ফেরার পথে টেনে-হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশপাশের পথচারীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী বলে জানা গেছে।পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা সংলগ্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে দেখা গেলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, অপরাধী একজন বহিরাগত।
জানান যায়,রাতে পরিত্যক্ত আল বিরুনী এক্সটেনশন সংলগ্ন রাস্তা দিয়ে ওই ছাত্রী হলের দিকে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে এসে ওই ব্যক্তি শিক্ষার্থীর সঙ্গে কথা বলা শুরু করেন।ভুক্তভোগী তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন এবং পাশের বিশমাইল এলাকায় থাকেন বলে জানান। পরে কথোপকথনের একপর্যায়ে তিনি রুমাল দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে জোরপূর্বক অন্ধকার স্থানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরে ওই শিক্ষার্থী কোনোভাবে নিজেকে রক্ষা করে সড়কে উঠে আসেন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে।
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে খবর দেন। পরে নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছি, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে রয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 






















