
ঢাকাঃ অসহায় ও আর্থিকভাবে দুর্বল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে গিয়ে গত ১৭ বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। সংস্থাটি ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৩৯ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৫৮৪ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে।শনিবার (২৮ মার্চ) সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুরুর দিকে জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও, পরবর্তীতে এ সেবা সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারে সম্প্রসারিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রি-কেস ও পোস্ট-কেস মিলিয়ে অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এই অর্থ ব্যবহার করে তাদের আইনি সহায়তা ও মামলা পরিচালনার খরচ বহন করা হয়েছে।
দেশের ৬৪টি জেলার মাধ্যমে আদায় হয়েছে ৩৩২ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার ৬৬৮ টাকা। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে আদায় হয়েছে ৬ কোটি ৯৭ লাখ ১১ হাজার ৯১৬ টাকা।
এ সময়ের মধ্যে সরকারি খরচে লিগ্যাল এইডের আওতায় ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জন মানুষ আইনি সহায়তা পেয়েছেন।
উল্লেখ্য, ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় জনগণের জন্য এ সেবা প্রদান করা হয়। এই কার্যক্রম পরিচালিত হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে।
আব্দুর রহমান 
























